রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
ছবিতে পিংক বাস
যোগফল প্রতিবেদন
। অনলাইন
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য পৃথক এ বাস সার্ভিস আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো—বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
নারীদের নিরাপদ যাতায়াতে গুরুত্ব:
রাজধানীর গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন চলাচলের অন্যতম মাধ্যম গণপরিবহণ।
তবে গণপরিবহণে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ ও নিরাপত্তাজনিত নানা অভিযোগ দীর্ঘদিনের। এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিআরটিসির নতুন এ সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে পারে।
পরিবহণ খাতে বাড়বে নারীর অংশগ্রহণ:
শুধু নারী যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি নয়, নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
গণপরিবহণে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার এ উদ্যোগকে পরিবহণ খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘পিংক বাস’ সার্ভিসের মাধ্যমে রাজধানীর গণপরিবহণে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন